বিয়ের কথা শুনেই চিৎকার পরিণীতির

Ayesha Siddika | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ - ০৪:০৬:০০ পিএম

বিনোদন ডেস্ক : বিয়ের তারিখ অক্টোবরে। বাগদান সেরে ফেলেছেন পরিণীতি। তবু এখনও ঝেড়ে কাশেননি পাত্রপাত্রী। অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার বিয়ের খবর এখনও জল্পনার স্তরেই। এরমধ্যেই সোমবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে সেজেগুজে ধরা দিলেন পরিণীতি। শহরের বাইরে যাচ্ছিলেন তিনি। সে সময় আলোকচিত্রীরা আবার তাকে ঠেসে ধরলেন। কিছুতেই যে কথা বের করা যাচ্ছে না তার কাছ থেকে। যদিও বিয়ে নিয়ে প্রশ্ন করলেই লজ্জায় লাল হয়ে যান তিনি। কখনও মিষ্টি হাসেন, কখনও আঙুলে চুল জড়ান।

সোমবার সন্ধ্যায় কালো ঢোলা টপ আর সাদাকালো চেক প্যান্ট পরা পরিণীতিকে কয়েকজন সাংবাদিক ঘিরে ধরে বললেন, ‘কনেযাত্রী যাব কিন্তু আমরা!’ অভিনেত্রী এতে চরম বিব্রত। হাসতে হাসতে গলা তুলে জবাব দিলেন, ‘তোমরা সবাই পাগল হয়ে গিয়েছ!’ কানাঘুষো শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রাঘবের সঙ্গে সাত পাক ঘুরবেন তিনি। সম্প্রতি পরিণীতির অনামিকায় একটি আংটিও দেখা গিয়েছে। তারপর থেকে অনেকেই ধরে নিয়েছেন নিশ্চয়ই বাগদানও সেরে ফেলেছেন রাঘব এবং পরিণীতি। 

এতদিন বিয়ে নিয়ে প্রশ্ন করলে শুধুমাত্র হেসেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলেন তারা। তবে সম্প্রতি মুখ খুলেছেন পরিণীতি। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার জল্পনা বাস্তবের মধ্যে সূক্ষ ফারাক রয়েছে। যদি কিছু ঘটে আমি নিশ্চয়ই স্পষ্ট করব। আর যদি কোনও ভুল ধারণা তৈরি হয়, তাহলেও আমি ভ্রম সংশোধন করাবো। যদি তা না হয়, সেখানে কিছু স্পষ্ট করার তো কোনও মানেই হয় না। আর আমি তা করবও না।’ এই মন্তব্যেই কি তিনি স্পষ্ট করে দেননি, যে বিয়ের খবরে কোনও ভ্রম নেই? তা নিয়েই সাম্প্রতিক চর্চা।

গত মাসে মুম্বাইয়ের রেস্তরাঁয় ডেটে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন রাঘব ও পরিণীতি। সেই থেকে শুরু দু’জনের প্রেমের জল্পনা। তারপর থেকে একাধিক বার এক ফ্রেমে ধরা দিয়েছেন চর্চিত যুগল। কখনও পরিণীতিকে দিল্লি বিমানবন্দর থেকে নিতে এসেছেন রাঘব। কখনও আবার একই বিমানে দিল্লি থেকে একসঙ্গে মুম্বাইয়ে ফিরেছেন রাজনীতিক ও অভিনেত্রী।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউটিভি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad