সাকিব ও লিটনকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কলকাতা সমর্থকরা

Ayesha Siddika | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ - ০৪:৩২:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ৬ এপ্রিল সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকানন বলে পরিচিত কলকাতার ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। মহারণের প্রস্তুতি নিতে ইডেনে প্র্যাকটিস শুরু করেছে টিম নাইট রাইডার্স। টিম বাস থেকে নেমে মঙ্গলবার বিকেলে সোজা ক্রিকেটাররা ঢুকেছেন ইডেনে।

কিন্তু সেখানে নেই সাকিব-লিটনরা!প্রায় দু-সপ্তাহ ধরে টালবাহানার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে চূড়ান্তভাবে সম্মতিপত্র মেলেনি সাকিব-লিটনের। তাই মহারণের আগে ইডেনে বিরাটদের একনজর দেখতে আসা কেকেআরভক্তরা বললেন, আইপিএল কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারো ক্ষতি হলো না, ক্ষতি হলো সাধারণ ক্রিকেটভক্তদের। ২২ গজে তারা বাংলাদেশের বিশ্বসেরা এই ক্রিকেটারদের দেখতে চেয়েছিলেন। তাইতো কেউ এসেছেন মালদা থেকে, কেউ আবার কোচবিহার এমনকি বাংলাদেশ থেকেও ম্যাচ দেখতে কলকাতা পা রেখেছেন বহু ক্রিকেটভক্ত!

লিটন-সাকিবের অনুপস্থিতির প্রভাব পড়তে পারে কেকেআরের খেলায়–এমনটাও মনে করেন অনেক দর্শক। নাইটদের এক সমর্থক বলেন, ‘কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আমরা তাদের অনেক মিস করব।’আরেক সমর্থক বলেন, ‘লিটন দাস ও সাকিব আল হাসান খেলছেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য।’অনেকে মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন আচরণ বাংলাদেশের প্রতি একধরনের নেতিবাচক ধারণাও তৈরি করল ভারতীয় ক্রিকেটভক্তদের মাঝে। বিশ্বসেরা সাকিব-লিটনরা যখন ছক্কা হাঁকাতেন কিংবা উইকেট নিতেন, তখন আসলে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকেই মানুষ স্মরণ করতেন।

কলকাতার এক সাকিবভক্ত বলেন, ‘ক্ষতি আসলে ভক্তের। আমরা ওনার ভক্ত। যদি উনি থাকতেন, যতই কষ্ট হোক আমরা ঢুকতাম। গ্যালারিতে বসে ওনার খেলা দেখতাম।’২০১১ সাল থেকে বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান। তবে লিটন দাস এবারই প্রথম আইপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad