
ডেস্ক নিউজ : ‘মোটামুটি যখন সুস্থ হই তখন ভাবি বেঁচে থেকে আর কী লাভ! একটা অংশ চইল্লা গেছে মানে আমি পঙ্গু হয়ে গেছি। পঙ্গু মানুষের এই দুনিয়ায় কোনো মূল্য নেই। তখন স্যারেরা আমাদের আশ্বাস দেয় যে তোমরা চিন্তা কইরো না, আমরা তোমাদের হাত লাগিয়ে দেব। পরে বাড়ি চইলা গেছিলাম।
১৫ দিন আগে আমাদের ব্র্যাক থেকে ফোন দিয়ে আসতে বলা হয়। তারপর আসার পর আমাদের হাত লাগিয়ে দেয়। এখন সত্যিই মনে হচ্ছে নতুন করে জীবন ফেরত পাইছি। ’কৃত্রিম হাত পাওয়ার পর কালের কণ্ঠের কাছে নিজের খুশি প্রকাশ করছিলেন সীতাকুণ্ড কনটেইনার ডিপোর গাড়িচালক মারুফ হোসেন।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ব্ল্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টার (বিএলবিসি) কার্যালয় সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে অঙ্গ হারানো মানুষদের কৃত্রিম হাত-পা সহায়তা প্রদান করা হয়। কৃত্রিম হাত-পা পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন।
ডিপোর নিরাপত্তাকর্মী হজরত আলী কালের কণ্ঠকে বলেন, ‘হাত চলে যাওয়ার পর ভাবছিলাম আর কখনো কিছু করতে পারব না। কিন্তু এখন মনে হচ্ছে কিছু করা যাবে। পরিবারের মানুষদের অন্তত দুই মধ্যে ডাল-ভাত খাওয়াতে পারব। ব্র্যাক যদি এখন আরেকটু সহযোগিতা করে তবে হয়তো উঠে দাঁড়ানো সম্ভব হবে। ’
এর আগে সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ৯ জনকে ব্র্যাক এই সহায়তা প্রদান করে। সে সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্, শেখ হাসিনা ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এবং ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির (এইচ এনপিপি) পরিচালক ডা. মোরশেদা চৌধুরী।
অনুষ্ঠানে শেখ হাসিনা ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, ‘সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহতদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য ব্র্যাককে আন্তরিক ধন্যবাদ। দেশের অন্য হাসপাতালগুলোতেও ব্র্যাক যেন এমন কেন্দ্র প্রতিষ্ঠা করে আহত ও অঙ্গ হারানো মানুষের পাশে থাকে। ’
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ সহাতয়তাপ্রাপ্তদের উদ্দেশে বলেন, ‘ব্র্যাক আপনাদের পাশে দাঁড়াতে যা করেছে তা আসলে করার কথা হলো আপনাদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর। দুঃখের বিষয়, আমাদের দেশে তেমন ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। আমরা চাই ভবিষ্যতে আপনারা অগ্নিকাণ্ডে অঙ্গ হারানো মানুষ হিসেবে পরিচিত না হয়ে নিজের সক্ষমতায় আবার স্বনির্ভরতা অর্জন করবেন। এ জন্য ব্র্যাক সব সময় আপনাদের পাশে থাকবে। ’
কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০






