এআই দৌড়ে টক্কর দিতে গুগলের নতুন মডেল ‘আর্গন’

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ - ০৭:৩৪:০১ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে পাল্লা দিতে নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল ‘আর্গন’ উন্মোচন করেছে গুগল। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘোষিত এই মডেলটি গুগলের পরবর্তী প্রজন্মের জেমিনি ৪ সিরিজের প্রধান মডেল হিসেবে কাজ করবে।

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, আর্গন আগের উন্নত ‘প্রো’ মডেলগুলোর তুলনায় আকারে বড়। জটিল কাজের জন্য এটিই গুগলের এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম মডেল। কোডিং ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় ওপেনএআইয়ের ‘অ্যাস্ট্রা’ ও অ্যানথ্রপিকের ‘অপাস’-এর সঙ্গে এর সক্ষমতা তুলনীয় বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

তবে এখনই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে না আর্গন। প্রাথমিকভাবে নির্বাচিত সাইবার নিরাপত্তা অংশীদারদের কাছে মডেলটি সরবরাহ করছে গুগল। পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারের মডেল প্রকাশের আগে পরীক্ষামূলক প্রবেশাধিকার-সংক্রান্ত স্বেচ্ছাসেবী প্রক্রিয়াতেও অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। সাধারণের জন্য কবে মডেলটি উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানায়নি গুগল।

গুগলের প্রকাশিত তথ্যে দেখা গেছে, কয়েকটি শিল্পভিত্তিক বেঞ্চমার্ক পরীক্ষায় আর্গন অ্যাস্ট্রা ও অপাসের চেয়ে ভালো ফল করেছে। তবে সব পরীক্ষায় এগিয়ে নেই মডেলটি। বিশেষ করে কোডিং-সম্পর্কিত চারটি বেঞ্চমার্কের মধ্যে দুটিতে প্রতিদ্বন্দ্বী মডেলগুলোর পেছনে রয়েছে আর্গন।

এদিকে গুগল জানিয়েছে, জেমিনি ৩.৫ প্রো প্রকাশের পরিকল্পনা আর নেই। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এর আগে জুনে মডেলটি প্রকাশের কথা জানিয়েছিলেন।

এই সময়ের মধ্যে গুগলের ডিপমাইন্ড এআই ল্যাবেও বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস সরে দাঁড়িয়েছেন এবং জেমিনি মডেলের কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রতিষ্ঠানটি ছেড়েছেন। এআই মডেল প্রকাশে কয়েক মাসের বিলম্বের সুযোগে অ্যানথ্রপিক ও ওপেনএআই নতুন নতুন মডেল উন্মোচনের মাধ্যমে গবেষণার সীমা এগিয়ে নেয়।

গুগলের নতুন মডেলটি বর্তমানে মূলত জটিল সফটওয়্যার প্রকৌশল, ব্যবসায়িক জ্ঞানভিত্তিক কাজ এবং সাইবার নিরাপত্তায় ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে।

সূত্র: রয়টার্স

 

 

আয়শা/০১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

▎সর্বশেষ

ad