যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য

Anima Rakhi | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:১৫:৪১ পিএম

বিনোদন ডেস্ক : অভিনয়ের জোরে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন নওয়াজুদ্দীন সিদ্দিকী। দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে যেমন পেয়েছেন সমালোচকদের প্রশংসা, তেমনি তৈরি হয়েছে আলাদা দর্শকশ্রেণি। তবে তার নিজের কাছেই ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁকবদলের সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’।

অনুরাগ কাশ্যপ পরিচালিত এই সিনেমার পরই প্রথমবার নিজেকে তারকা হিসেবে অনুভব করেছিলেন নওয়াজউদ্দীন। চলতি বছর সিনেমাটি মুক্তির ১৪ বছর পূর্ণ করেছে। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সিনেমাটির প্রভাব এবং মুক্তির পর নিজের ক্যারিয়ারে ঘটে যাওয়া নাটকীয় পরিবর্তনের কথা জানিয়েছেন অভিনেতা।

কোন সিনেমার পর নিজেকে তারকা মনে হয়েছিল—এমন প্রশ্নের জবাবে নওয়াজুদ্দীন বলেন, ‘অবশ্যই, সেটা ‘গ্যাংস অফ ওয়াসেপুর ২’।’ সিনেমাটি মুক্তির পর তার হাতে প্রায় ২০০টি চিত্রনাট্য এসেছিল বলে জানান অভিনেতা। শুধু চিত্রনাট্যই নয়, অনেক প্রযোজক পারিশ্রমিকের অঙ্কও তার ওপর ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন।

এনডিটিভিকে নওয়াজুদ্দীন বলেন, ‘গ্যাংস অফ ওয়াসেপুর ২’ মুক্তির পর আমার কাছে অন্তত ২০০টি চিত্রনাট্য এসেছিল। আমার টেবিলে ব্ল্যাঙ্ক চেক পড়ে থাকত। প্রযোজকেরা বলত, এই নিন চিত্রনাট্য আর এই নিন ব্ল্যাঙ্ক চেক। আপনি আপনার পারিশ্রমিক হিসেবে যা খুশি অঙ্ক লিখুন আর আপনার সুবিধামতো ডেট দিন।

এত বড় সুযোগ, পছন্দমতো পারিশ্রমিক নেওয়ার স্বাধীনতা—সবকিছু হাতের নাগালে থাকলেও তাড়াহুড়ো করে পরবর্তী সিনেমায় চুক্তিবদ্ধ হননি নওয়াজুদ্দীন। কারণ তার হাতে আসা কোনো চিত্রনাট্যই মনে ধরেনি। অভিনেতা বলেন, আমি ওই চিত্রনাট্যগুলোর একটিও বেছে নিইনি কারণ কোনোটিই আমার পছন্দ হয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করব।

কাজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করার অভিজ্ঞতা তার আগে থেকেই ছিল। তাই ভালো চরিত্রের আশায় আরও কয়েক বছর অপেক্ষা করতেও প্রস্তুত ছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী। তিনি বলেন, ‘কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করায় আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম; তাই ভাবলাম, তাড়াহুড়ো করে কোনো কিছুতে সই করার চেয়ে আরও দুই-তিন বছর অপেক্ষা করা ভালো।’

তবে শেষ পর্যন্ত তাকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়নি। নিজের পছন্দের কাজের প্রস্তাব আসতে শুরু করে দ্রুতই। নওয়াজুদ্দীন সিদ্দিকী বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমাকে খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি, কারণ দ্রুতই আমি সত্যিই চমৎকার কিছু সিনেমার প্রস্তাব পেতে শুরু করি।’

‘গ্যাংস অব ওয়াসিপুর ২’-এ কেন্দ্রীয় চরিত্র ফয়জল খানের ভূমিকায় অভিনয় করেছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী। চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। সিনেমাটির পর অভিনেতা হিসেবে তার গ্রহণযোগ্যতা যেমন বেড়ে যায়, তেমনি বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটিতে নওয়াজুদ্দীন সিদ্দিকীর সঙ্গে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী, জয়দীপ আহলাওয়াত, হুমা কুরেশি, রিচা চাড্ডা, রাজকুমার রাও ও পীযূষ মিশ্রসহ আরও অনেকে।

কিউটিভি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১২

▎সর্বশেষ

ad