শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর জুটি বাঁধছেন রানি-অভিষেক

Ayesha Siddika | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৪:২০:০৬ পিএম

বিনোদন ডেস্ক : সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনার পালে এবার জোর হাওয়া দিয়েছে নতুন আরেকটি খবর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ছবির হাত ধরে দীর্ঘ দুই দশক পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউড তারকা রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে। ছবিটিতে তাদের একে অপরের বিপরীতে কাস্ট করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। 

এর আগে গুঞ্জন রটেছিল যে, রানি মুখার্জি এই ছবিতে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের চরিত্রে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। তবে রানি ও অভিষেকের এই সম্ভাব্য রিইউনিয়ন ছবিটির তারকাবহুল কাস্টকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে তাদের চরিত্র সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

এই ছবির মাধ্যমে শাহরুখ খান ও রানি মুখার্জিরও বহু প্রতীক্ষিত পুনর্মিলন ঘটতে চলেছে। ২০০৬ সালে করণ জোহরের সুপারহিট ছবি ‘কাভি আলভিদা না কেহনা’-তে শেষবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জনপ্রিয় এই জুটি। এদিকে, তারকাখচিত ‘কিং’ সিনেমাটিতে শাহরুখ, রানি, অভিষেক, সুহানা খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো তারকাদের একটি বিশাল দল রয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমার। 

 

 

আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad