স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন পাকিস্তানের ওপেনার গুল ফিরোজা। আচরণবিধি ভঙ্গের অভিযোগে তার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
এই আচরণের কারণে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ধারাটি আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রদর্শনের সঙ্গে সম্পর্কিত। গত ২৪ মাসের মধ্যে এটি ফিরোজার দ্বিতীয় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে হয়েছে দুই। চলতি নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শাস্তির মুখে পড়লেন ফিরোজা।
এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে শেফালি বর্মাকে আউট করার পর উইকেটের দিকে ইঙ্গিত করে উদযাপন করায় পাকিস্তানের অধিনায়ক ফাতেমা সানাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। হংকংকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:০০
