আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দিনের বন্দর সফর শেষে রবিবার থাইল্যান্ড ছেড়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। দীর্ঘ সময়ের সামরিক মোতায়েনের মধ্যে মধ্যপ্রাচ্যে অভিযান শেষে এই সফরটি ছিল জাহাজটির জন্য সাময়িক বিরতি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এক বিবৃতিতে আব্রাহাম লিংকনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ড্যান কিলার বলেন, ‘অসাধারণ আতিথেয়তার জন্য আমরা থাইল্যান্ডের জনগণকে ধন্যবাদ জানাতে চাই।’সাধারণত মার্কিন নৌবাহিনীর একটি মোতায়েন ছয় থেকে নয় মাস স্থায়ী হয়।
তবে যুদ্ধ বা সংঘাতের সময় এই সময়সীমা আরও দীর্ঘ হতে পারে। প্রায় ৫ হাজার সদস্য নিয়ে পরিচালিত আব্রাহাম লিংকন সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক অভিযানে অংশ নেয়। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দাবি, টানা দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ক্ষেত্রে আধুনিক সময়ে রণতরিটি একটি রেকর্ডও গড়েছে।
এর আগে গত বুধবার ভোরে থাইল্যান্ডে পৌঁছায় আব্রাহাম লিংকন। মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের একমাত্র চুক্তিভিত্তিক মিত্র থাইল্যান্ডে রণতরিটির পাঁচ দিনের সফরের কথা জানিয়েছিলেন দেশটির কর্মকর্তারা। সফর শেষে রবিবার থাইল্যান্ড ত্যাগ করে রণতরিটি আবারও তার পরবর্তী সামরিক দায়িত্বে ফিরেছে।
আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৩০
