সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার

Ayesha Siddika | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ - ১০:৩৩:৩৯ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড জগতে সফল অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে পতৌদি পরিবারের পুত্রবধূ জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে এখনো আক্ষেপ রয়েছেন। একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে অভিনয়ে পা রাখার সিদ্ধান্তই আজও ভাবিয়ে তোলেন তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সাইফপত্নী।

নিজের অভিজ্ঞতা থেকে ছেলে তৈমুর ও জেহকে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘আমি পড়াশোনা শেষ করিনি। বিষয়টি সব সময়েই আমার মনে থেকে গেছে। সুযোগ থাকা সত্ত্বেও সিনেমার জগতে চলে আসি এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা করিনি।’

তার সেই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। কিন্তু নিজের অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করার ব্যাপারে তিনি বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। কারিনা বলেন, নিজের মনের কথা শুনেই সেই সময়ে অভিনয়কে বেছে নিয়েছিলেন তিনি। তবে পড়াশোনা শেষ না করার সিদ্ধান্ত নিয়ে এখনো তার আক্ষেপ রয়েছে। 

আক্ষেপের কারণেই দুই ছেলে তৈমুর ও জেহকে আগে পড়াশোনা শেষ করার পর নিজের পছন্দের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন সাইফপত্নী। এ অভিনেত্রী বলেন,  ‘আমি চাই, ওরা আগে পড়াশোনা শেষ করুক। তারপর নিজের মনের কথা শুনে নিজেদের পথ বেছে নিক।’

সমাজসেবার বিষয়েও নিজের মত জানিয়েছেন কারিনা কাপুর। তিনি বলেন, কোনো সামাজিক উদ্যোগে সাহায্য করা উচিত নিজের বিশ্বাস ও ইচ্ছা থেকে। প্রতিটি কাজ নিয়ে প্রকাশ্যে কথা বলার প্রয়োজন নেই। 

 সমাজসেবার কথা প্রকাশ্যে বলতে তার মাঝে মাঝে অস্বস্তি হয় বলেও জানান এ অভিনেত্রী। তিনি  বলেন, কথার চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ। নিজের মতো করে মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করে চলেছেন তারা।

 

 

আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad