রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম

Ayesha Siddika | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:০৩:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে কঠিন সময় পার করলেও রাজকীয় সংবর্ধনায় বিশেষ মুহূর্তের সাক্ষী হলো পাকিস্তান ক্রিকেট দল। বুধবার (২ সেপ্টেম্বর) লন্ডনের ক্ল্যারেন্স হাউসে পাকিস্তান দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাগত জানান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

এ সময় পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষর করা একটি ক্রিকেট ব্যাট রাজা চার্লসের হাতে তুলে দেন। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিও রাজাকে একটি স্মারক উপহার প্রদান করেন।

রাজা চার্লস পাকিস্তান দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও পিসিবি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ব্রিটিশ রাজপরিবারের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে এ সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান মাসুদ, মোহাম্মদ আব্বাস, আবদুল্লাহ শফিক, আজান আওয়াইস, সাজিদ খান ও মোহাম্মদ আলী। এছাড়া দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি প্রধান কোচ মাইক হেসন, হাই-পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ এবং পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়টও উপস্থিত ছিলেন।

চূড়ান্ত টেস্ট দলে না থাকা কয়েকজন ক্রিকেটারও রাজকীয় এই সংবর্ধনায় অংশ নেন। তাদের মধ্যে ছিলেন আলী উসমান, আওয়াইস জাফর, আমের জামাল ও খুররম শাহজাদ।   

এ সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই হারে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে জয় পেয়ে তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

এই ব্যর্থতার পর পাকিস্তানের টেস্ট দলে বড় ধরনের পরিবর্তন আনে পিসিবি। সাতজন ক্রিকেটারকে দেশে পাঠানো হয় এবং শেষ টেস্টের আগে প্রধান কোচ সরফরাজ আহমেদের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় মাইক হেসনকে।

রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বৈঠকটিকে ‘খুবই ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, রাজা পাকিস্তানি ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকারও প্রশংসা করেছেন।

রাজকীয় এই সংবর্ধনা পাকিস্তান দলের জন্য সিরিজের চাপের মধ্যে কিছুটা স্বস্তির উপলক্ষ হয়ে আসে। তবে এখন তাদের মূল লক্ষ্য মাঠের লড়াইয়ে ফিরে যাওয়া। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া হয়ে মাঠে নামবে সফরকারীরা।

সূত্র: দ্যা এক্সপ্রেস ট্রিবিউন

 

 

আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad