তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:৪৫:১২ পিএম

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে, একই সঙ্গে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। এসবের প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দাম। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল চারটা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪ হাজার ৩০২ দশমিক ২০ ডলারে নেমে আসে। দিনের শুরুতে দাম ৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। 

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় তেলের দাম বাড়ছে। এতে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হচ্ছে। এর প্রভাব পড়ছে স্বর্ণের বাজারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের পর তেলের দাম প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কায় বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে মার্কিন ডলারের দিকে ঝুঁকেছেন। ডলারের সূচকও দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। তার প্রভাব পড়েছে স্বর্ণে।

ফেডারেল রিজার্ভের গভর্নর মাইকেল বার বলেছেন, মূল্যস্ফীতি দ্রুত কমে না এলে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সময় আসতে পারে। এর ফলে চলতি মাসে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, চলতি মাসের বৈঠকে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা ৬৮ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহ আগেও এই সম্ভাবনা ছিল ৩৭ শতাংশ।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৫৯ ডলারে, প্লাটিনাম ১.৪ শতাংশ কমে ১ হাজার ৭১৬ দশমিক ৫২ ডলারে এবং প্যালাডিয়াম ০.৭ শতাংশ কমে ১ হাজার ৩০৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।

 

 

আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad