থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা

Anima Rakhi | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ - ০৫:৩১:৩৫ এএম

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে নারী এশিয়া কাপে গ্রুপ ‘এ’-র ম্যাচে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে থাইল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের জয় পেয়েছে পাকিস্তান। এতে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নারুয়েমোল চাইওয়াইরা।এদিন দুবাইতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের ফাতিমা সানা।

ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তারা ধীরগতিতে ইনিংস শুরু করে। প্রথম দুই ওভারের মধ্যেই থিপাতচা পুত্তাওংয়ের বলে সাজঘরে ফেরেন শাওয়াল জুলফিকার ও গুল ফিরোজা। আয়েশা জাফর কয়েকটি বাউন্ডারি মেরে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৯ রান করে আউট হয়ে যান। এতে পাওয়ারপ্লে শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩২ রান। এরপর মুনিবা আলী ও সাদাফ শামাস মিলে ইনিংস সামাল দেন; দুজনেই নিয়মিত বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের অর্ধেক পথ শেষে পাকিস্তানকে ৩ উইকেটে ৬০ রানে পৌঁছে দেন।

চতুর্থ উইকেট জুটিতে ৫৪ রান যোগ হওয়ার পর ১৩তম ওভারে সুলেপর্ন লাওমি জোড়া আঘাত হানেন। তিনি শামাসকে ২০ রান এবং অধিনায়ক ফাতিমা সানাকে শূন্য রানে আউট করেন। মুনিবা ৪৫ বলে নিজের অর্ধশতক পূর্ণ করলেও ১৭তম ওভারে ৫৪ রান করে স্টাম্পড হন। লাওমি ১৪ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করেন।
শেষদিকে উম্মে-ই-হানি ১৭ ও তুবা হাসানের ১২ রানের কল্যাণে পাকিস্তানের ১১৯ রান করে।

জয়ের জন্য ১২০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় থাইল্যান্ড। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর বোলার সাদিয়া ইকবাল জোড়া আঘাত হানেন। নাথ্থাকান চান্থামের সঙ্গে যোগ দেন অধিনায়ক নারুয়েমোল চাইওয়াই। এই জুটি উইকেট পতন ঠেকাতে পারলেও রানের গতি বাড়াতে ব্যর্থ হয়। ইনিংসের মাঝপথে নাশরা সান্ধুর বলে চান্থাম আউট হওয়ার সময় ধীরগতির উইকেটে থাইল্যান্ডের প্রয়োজনীয় রান রেট ছিল প্রায় সাড়ে আটের কাছাকাছি।

তুবা হাসান যখন চাইওয়াইকে (১৭) আউট করেন ততক্ষণে থাইল্যান্ড প্রয়োজনীয় রান-রেটের চেয়ে অনেক পিছিয়ে পড়েছিল। স্পিনাররা থাইল্যান্ডের ব্যাটিংকে চাপে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত তারা ৮৪ রানে অলআউট হয়ে যায়।আগামীকাল এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইন্দোনেশিয়া। অন্যদিকে পরদিন ‘এ’ গ্রুপে হংকং, চীনের বিপক্ষে খেলবে ভারত।

কিউটিভি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ৫:৩০

▎সর্বশেষ

ad