ডেস্ক নিউজ : চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ২২ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার।
সে হিসাবে এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৪৩ কোটি ৭০ লাখ ডলার। শতাংশের হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ। এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার।
অর্থাৎ চলতি অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার। শতাংশের হিসাবে এ প্রবৃদ্ধি প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ৯:২২
