জিৎ আমার বড় ভাইয়ের মতো: দেব অধিকারী

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ - ১২:৪৭:১৮ এএম

বিনোদন ডেস্ক : টালিউডের দুই জনপ্রিয় তারকা দেব ও জিৎকে ঘিরে তাঁদের ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি আলোচনা ও বিতর্ক নতুন কোনো বিষয় নয়। তবে এবার সহশিল্পী জিতের প্রতি সম্মান দেখিয়ে নিজের ভক্তদের করা নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন দেব অধিকারী।

সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের একটি বড় ফ্যান পেজ থেকে কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি দেবের নজরে আসার পর তিনি নিজেই ওই পেজের মন্তব্য ঘরে গিয়ে আপত্তি জানান এবং জিতকে নিয়ে নেতিবাচক পোস্ট সরিয়ে ফেলার নির্দেশ দেন।
পরবর্তীতে নিজের অফিশিয়াল প্রোফাইলেও ভক্তদের উদ্দেশে দেব জানান, জিত তাঁর কাছে বড় ভাইয়ের মতো। একই সঙ্গে তিনি জিতের সিনেমা দেখার জন্য দর্শকদের উৎসাহিত করেন এবং তাঁর বিরুদ্ধে থাকা নেতিবাচক পোস্টগুলো মুছে ফেলার আহ্বান জানান। দেবের এমন অবস্থানের পর ওই ফ্যান পেজটি জিতকে নিয়ে করা পোস্টগুলো সরিয়ে নেয়। পাশাপাশি নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়েও বার্তা প্রকাশ করে।

তারকাদের জনপ্রিয়তা ঘিরে ভক্তদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও সহশিল্পীর প্রতি সম্মান ও সৌহার্দ্য বজায় রাখার এই উদ্যোগ ভিন্ন বার্তা দিয়েছে। ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার বদলে সহকর্মীর কাজকে সম্মান করার যে সংস্কৃতি, দেবের এই অবস্থান সেটিকেই সামনে নিয়ে এসেছে।

 

 

আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ১২:৪৫

▎সর্বশেষ

ad