জিলহজ মাসের চাঁদ অনুসন্ধানের তারিখ জানালো আরব আমিরাত

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৬ - ১২:১৪:১০ এএম

আন্তর্জাতিক ডেস্ক :১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ আগামী ১৭ মে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল। কাউন্সিল জানিয়েছে, দেশের বিভিন্ন জাতীয় মানমন্দির ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সমন্বয়ে আধুনিক প্রযুক্তি ও উন্নত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে চাঁদ দেখার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

চাঁদ পর্যবেক্ষণের জন্য নির্ধারিত বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আল খাতম জ্যোতির্বিজ্ঞান মানমন্দির, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের অংশীদারত্বে দুবাই স্কাই ভিউস অবজারভেটরি এবং শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির সহযোগিতায় শারজাহ জ্যোতির্বিজ্ঞান মানমন্দির।

জিলহজ মাসের চাঁদ দেখা ইসলামী ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এ মাসেই মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন। জিলহজ মাসের নবম দিন পালিত হয় পবিত্র আরাফাত দিবস এবং ইসলামী মাসটির ১০ম দিনে উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গবেষণা, চাঁদ দেখা এবং মহাকাশ বিষয়ক তথ্য প্রদানের অন্যতম সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছিলেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুসারে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে, আগামী ১৮ মে (সোমবার) ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী, আরাফার দিবস হবে ২৬ মে (মঙ্গলবার) এবং পবিত্র ঈদুল আজহা ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: গালফ নিউজ

 

 

আয়শা/১৩ মে ২০২৬,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad