
বিনোদন ডেস্ক : সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এর শুটিং সেটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ‘বাহুবলী’খ্যাত প্রভাস। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সেটের কিছু ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানা যায়।
শুটিং চলাকালীন সেটে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা অস্থায়ী তাবু এবং সিনেমার কিছু মূল্যবান সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। সেটে উপস্থিত ক্রু সদস্যরা এই আকস্মিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।
অগ্নিকাণ্ডে সিনেমার ক্রু টিমের একজন সদস্য আহত হয়েছেন। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্বস্তির খবর হলো, দুর্ঘটনার সময় অভিনেতা প্রভাস সেটে উপস্থিত ছিলেন না। গত কয়েকদিন ধরেই ছবিটির এমন কিছু দৃশ্যের চিত্রায়ন চলছিল যেখানে তার উপস্থিতির প্রয়োজন ছিল না।
টি-সিরিজের ব্যানারে ভূষণ কুমার প্রযোজিত ‘স্পিরিট’ একটি বড় মাপের অ্যাকশন ড্রামা। এই সিনেমায় প্রভাসকে একজন আইপিএস অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন প্রকাশ রাজ, বিবেক ওবেরয় এবং তৃপ্তি দিমরি। উল্লেখ্য, সিনেমার সেট থেকে প্রভাসের লুক যাতে ফাঁস না হয়, সেজন্য প্রোডাকশন টিম বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
আয়শা/১১ এপ্রিল ২০২৬,/রাত ১০:০০






