মুক্তির আগেই বড় ধাক্কা, বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট ফাঁস

Ayesha Siddika | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ - ০৯:৩৭:১১ পিএম

বিনোদন ডেস্ক : ঝড় যেন থামছেই না বিজয় থালাপতি-কে ঘিরে। একের পর এক বিতর্ক, গুঞ্জন আর অভিযোগে যখন সরগরম পরিস্থিতি, তখনই সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তিরুনেলভেলির জনসভা থেকে বিজয় বলেছেন এসব কিছুই হঠাৎ নয়, তাকে ঘিরে পরিকল্পিতভাবেই তৈরি করা হচ্ছে এই বিতর্কের জাল। এরইমধ্যে বিপদের হাতছানি আর একটু বেড়ে গেল অভিনেতার। তার আলোচিত সিনেমা ‘জন নায়াগান’ মুক্তির আগেই বড় ধাক্কা খেল।

সিনেমাটির কিছু দৃশ্য ও গানের অংশ অনলাইনে ফাঁস হয়। এবার পুরো ছবির এইচডি সংস্করণ ছড়িয়ে পড়েছেন অনলাইনে। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই তারা আইনি ব্যবস্থা নেবেন। ৪০০ থেকে ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত এই ছবি শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রে, বিশেষ করে এটি যে বিজয়ের শেষ চলচ্চিত্র হতে যাচ্ছে- রাজনীতিতে পূর্ণকালীনভাবে যোগ দেয়ার আগে- এই বিষয়ই ছবির গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে ছবির গুরুত্বপূর্ণ কিছু অংশ- শিরোনাম দৃশ্য, পরিচয় পর্ব, এমনকি ক্লাইম্যাক্সের ঝলকও ছিল বলে জানা যায়। নির্মাতারা দ্রুত সেই ক্লিপ সরিয়ে নেয়ার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অল্প সময়ের মধ্যেই পুরো সিনেমাটি এইচডি প্রিন্টে বিভিন্ন পাইরেসি সাইটে ছড়িয়ে পড়ে।
এই ফাঁসের উৎস এখনো অজানা, যা নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এত বড় প্রজেক্টে নিরাপত্তাঘাটতির প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।
ছবিটির পরিচালক এইচ বিনোথ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, প্রতিটি দৃশ্যের পেছনে কারও স্বপ্ন জড়িয়ে থাকে, মুক্তির আগে এমন ফাঁস হওয়া সত্যিই কষ্টের। তিনি দর্শকদের প্রতি অনুরোধ জানান, কেউ যেন এই ফাঁস হওয়া কনটেন্ট শেয়ার না করেন।

এদিকে ভক্তরাও চুপ থাকেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন। অনেকে আবার দ্রুত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরামর্শও দিয়েছেন, যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া যায়।

 

 

আয়শা/১১ এপ্রিল ২০২৬,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad