অনন্ত আম্বানির জন্মদিনে জামনগরে বন্যপ্রাণী ও পশুচিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা

Anima Rakhi | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ - ০৯:৪৭:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বন্যপ্রাণী সংরক্ষণ ও পশুচিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ ‘বনতারা’। 

শুক্রবার গুজরাটের জামনগরে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং অনন্তের স্ত্রী রাধিকা মার্চেন্ট। 

শিক্ষা প্রতিষ্ঠানটি মূলত বন্যপ্রাণী সেবা এবং আধুনিক পশুচিকিৎসা গবেষণায় কাজ করবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অনন্ত আম্বানি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতটা মমতা ও দক্ষতার সঙ্গে আগামী প্রজন্মকে তৈরি করতে পারছি তার ওপর। পশুচিকিৎসা ও সেবার ক্ষেত্রে দেশে যে ঘাটতি রয়েছে, তা পূরণে এই বিশ্ববিদ্যালয় সহায়ক ভূমিকা পালন করবে। বনতারা বিশ্ববিদ্যালয় মূলত তাত্ত্বিক শিক্ষার সঙ্গে মাঠপর্যায়ের অভিজ্ঞতার সমন্বয় ঘটাবে। এখানে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের পাশাপাশি বন্যপ্রাণী সার্জারি, আচরণগত বিজ্ঞান, জেনেটিক্স, এপিডেমিওলজি এবং ‘ওয়ান হেলথ’-এর মতো অত্যাধুনিক বিষয়ে গবেষণার সুযোগ থাকবে।

উল্লেখ্য, বনতারার এই উদ্যোগ শুধু উচ্চবিত্তদের জন্য সীমাবদ্ধ থাকছে না। আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

অনিমা/১১ এপ্রিল ২০২৬,/রাত ৯:৪৭

▎সর্বশেষ

ad