ডোমারে ভোজ্য তেলের মজুদের অভিযোগে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

Ayesha Siddika | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ - ০১:৩৩:৪৭ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, সুনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং অবৈধভাবে তেল মজুদের অভিযোগে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে ডোমার বাজারের বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা করা হয়েছে।

অভিযানে মেসার্স ফারুক ট্রেডার্সকে ১লক্ষ টাকা, সাবেত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স শহিদুল অ্যান্ড সন্সকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‌্যাব-১৩ সিপিসি-২, নীলফামারী সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এবং নীলফামারী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রায়হান আহমেদ অর্নব।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, র‌্যাব, সেনাবাহিনী ও আনসার বাহিনীর অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোজ্য তেল মজুদ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, সুনামধন্য প্রতিষ্ঠানের নকল পণ্য সরবরাহ এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার অভিযোগ ছিলো। ৩টি প্রতিষ্ঠানকে মোট ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

 

 

আয়শা/১০ এপ্রিল ২০২৬,/দুপুর ১:২৮

▎সর্বশেষ

ad