
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের প্রথম ম্যাচেই বিতর্ক শুরু। গতকাল আইপিএলের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ।
এই ম্যাচে রেকর্ড গড়েন বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তিনি আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০৮ থেকে শুরু করে এখনও পর্যন্ত হওয়া ১৯টি আসরে খেলার রেকর্ড গড়েন। শুধু তাই নয়, এদিন ব্যাট হাতেও রেকর্ড গড়েন কোহলি।
ফিফটির পথে রানতাড়ায় ৪০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন কোহলি। আইপিএলে রানতাড়ায় চার হাজারের মাইলফলকে তিনিই প্রথম। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার সংগ্রহ ৮৭৩০, এটিই সর্বোচ্চ।
আইপিএলের এই ম্যাচেই বিতর্ক। সানরাইজার্স হায়দরাবাদের বিদেশি তারকা হেনরিখ ক্লাসেন বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনের ঠিক সামনে বেঙ্গালুরুর তারকা ফিল সল্টের হাতে ক্যাচ তুলে দেন।
কিন্তু রিপ্লেতে দেখা যায়, ক্যাচ নেওয়ার সময়ে সল্টের শরীর বাউন্ডারি লাইন ছুঁয়েছিল। তবুও আম্পায়ার ক্লাসেনকে আউট ঘোষণা করেন। এতে ক্ষোভে ফেটে পড়েন ক্লাসেন। চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলার পরে তাকে অসন্তুষ্ট দেখা যায়। ক্ষুব্ধ-অসন্তুষ্ট ক্লাসেন মাঠ ছাড়েন।
সানরাইজার্সের ইনিংসের ১৪তম ওভারে এমন ঘটনা। শুরুতে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স। তারপর ঈশান কিশান ও হেনরিখ ক্লাসেন ৯৭ রানের জুটি গড়ে চাপ সামলে দলকে খেলায় ফেরান। কিন্তু রোমারিও শেফার্ডকে মারতে গিয়ে আউট হন ক্লাসেন।
শেফার্ডের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন। বাউন্ডারির একেবারে কাছে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ডের ফিল সল্ট অসাধারণ দক্ষতায় ক্যাচটি ধরেন। এরপর ফিল্ড আম্পায়াররা সিদ্ধান্তটি থার্ড আম্পায়ারের কাছে পাঠান। ক্যাচ ধরার সময়ে সল্টের শরীর বাউন্ডারি লাইন ছুঁয়েছিল কিনা তা যাচাই করার জন্য পাঠানো হয়েছিল।
রিপ্লেতে পরিষ্কার করে বোঝা না গেলেও একটি অ্যাঙ্গেলে দেখা যায় ক্যাচ নেওয়ার সময়ে বাউন্ডারি লাইনের দড়ি নড়ে উঠেছিল। তবুও থার্ড আম্পায়ার রোহন পণ্ডিত দ্রুত সিদ্ধান্ত নিয়ে আউট দেন। আম্পায়ারের এহেন সিদ্ধান্ত ক্লাসেন ও সানরাইজার্স সমর্থকদের বিস্মিত করে দেয়। ক্লাসেন বাউন্ডারি লাইনের ধারে আম্পায়ারকে প্রশ্ন করেন। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তিত হয়নি। শেষ পর্যন্ত অসন্তোষ নিয়েই মাঠ ছাড়েন ক্লাসেন।
ম্যাচের শেষে অনেকেই বলেছেন, আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়েছেন ক্লাসেন। সেই সময়ে ক্লাসেন উইকেটে থাকলে সানরাইজার্স আরও রান তুলতে পারত।
এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের চলতি আসরের প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট। তার ৬৪তম ফিফটিতে হায়দরাবাদের বিপক্ষে ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করে ২৬ বল হাতে রেখেই জয় পায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আয়শা/২৯ মার্চ ২০২৬,/রাত ৮:০০






