‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক

Ayesha Siddika | আপডেট: ২৬ মার্চ ২০২৬ - ০৬:৪১:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : কাগজে কলমে বয়স ৫৬ হতে চললো। বাস্তবে হয়তো ৬০ পেরিয়ে গেছে অনেক আগেই। আদিকাল থেকেই খেলোয়াড়রা বয়স লুকান, এটাই যেন এশীয় অঞ্চলে রীতি হয়ে আছে। এখনও সেভাবেই চলছে!

সেটা বাংলাদেশেও যে নেই, হলফ করে বলা মুশকিল। বাংলাদেশের মতো দেশে যেখানে গড় আয়ু ৭২.৩; সেখানে ৫৬ ছুঁইছুঁই একজন মানুষকে বুড়ো বলা যেতেই পারে। বুড়ো বললে হয়তো তিনি মাইন্ড করবেন না! তাছাড়া মাইন্ড করার কথাও নয়!

বয়স নিয়ে এত কথা বলার একটাই কারণ ৫৬ বছর বয়সী একজন খেলোয়াড়ের মধ্যে যখন তরুণ্য প্রতীয়মান হয়; ২০-২৫ বছর আগে যেভাবে ব্যাট চালাতেন, এখনও যদি সেভাবে চালাতে পারেন তাহলে অবাক হওয়া অস্বাভাবিক নয়! 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশে ছিলেন মোহাম্মদ রফিক। সেটিই ছিল তার একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি উপস্থিতি। তবে সময় বদলালেও নিজের সামর্থ্য যে একেবারেই ফুরিয়ে যায়নি, সেটার প্রমাণ আবারও দিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস।  প্রতিবছরের মতো এবারও স্বাধীনতা দিবসে সাবেক ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয়েছে বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট খ্যাত’ মিরপুর স্টেডিয়াম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত এই ম্যাচে সাবেক ক্রিকেটারদের দুই দলে ভাগ করা হয় লাল ও সবুজ। ম্যাচটিতে নিজের অভিজ্ঞতা আর দক্ষতায় রীতিমতো দাপুটে ইনিংস খেলেন রফিক। 

এক সময়ের বাঁহাতি স্পিনার হিসেবে পরিচিত হলেও এদিন ব্যাট হাতে দেখিয়েছেন আগ্রাসী রূপ। লাল দলের হয়ে মাত্র ২৪ বলে চারটি চার ও চারটি ছক্কায় ফিফটি পূর্ণ করেন রফিক৷ শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও রফিক ছিলেন দুর্দান্ত।

৩.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। যে কারণে অবধারিতভাবে ম্যাচসেরাও তিনি। টানা চার আসরে রফিক তার শ্রেষ্ঠত্ব ধরে রেখে ম্যাচের সেরার পুরস্কার বাগিয়ে নিলেন।

রফিকের অলরাউন্ড নৈপুণ্যে সবুজ দলের বিপক্ষে জয় পায় লাল দল। তাদের ৫ উইকেটে ২১৩ রানের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৯০ রানেই অলআউট হয়ে যায় সবুজ দল। ফলে ১২৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় লাল দল।

 

আয়শা/২৬ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad