বজ্রপাত ও বৃষ্টিতে জামালদের অনুশীলন বাতিল

Ayesha Siddika | আপডেট: ১৯ মার্চ ২০২৬ - ১২:২৮:২১ এএম

স্পোর্টস ডেস্ক : বিকেল থেকেই ঢাকার আকাশ মেঘলা। সামিত সোম-জামাল ভূঁইয়ারা এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের জন্য প্রস্তুত ছিলেন। অনুশীলন আরম্ভের খানিক পর শুরু হয় তীব্র বৃষ্টি ও বজ্রপাত। এমতাবস্থায় কোনো প্রকারের ঝুঁকি নেননি বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজকের অনুশীলন সেশন বাতিল করেন তিনি।

৩১ মার্চ সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ। ঐ ম্যাচের আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল কিংস অ্যারেনায় অনুশীলন করছে। গত দুই দিন অনুশীলন হলেও আজ বৃষ্টির জন্য আর সম্ভব হয়নি।

জাতীয় দলের অনুশীলন বৃষ্টিতে ব্যাঘাত হলেও অ-২০ দলের অনুশীলন অবশ্য ঠিকই হয়েছে। জাতীয় স্টেডিয়ামে বিকেলে বেশ স্বাভাবিক নিয়মেই অনুশীলন চলেছে। ২৪ মার্চ মালদ্বীপে সাফ অ-২০ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ। আগামী পরশু এই টুর্নামেন্টের জন্য সংবাদ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।

 

 

আয়শা/১৯ মার্চ ২০২৬,/রাত ১২:২৪

▎সর্বশেষ

ad