ঈদ উপলক্ষে নওগাঁয় মানসিক ভারসাম্যহীনদের নিয়ে মহতি উদ্যোগ

Ayesha Siddika | আপডেট: ১৮ মার্চ ২০২৬ - ০৮:৪০:০৪ পিএম

নওগাঁ প্রতিনিধি : সমাজের চারপাশে প্রায়ই দেখা যায় অপরিচ্ছন্ন ও নোংরা পোশাকে থাকা কিছু মানুষ। তাঁরা মানসিক ভারসাম্যহীন কিংবা পাগল নামেই পরিচিত। রোদ, বৃষ্টি, কিংবা প্রচণ্ড শীতেও তাঁরা মানবেতর দিন কাটায়। অযত্ন, অবহেলা আর চিকিৎসার অভাবে সুস্থ মানুষের মতো জীবনযাপনের সুযোগ পাচ্ছেন না তাঁরা।

এবার অবহেলিত এই মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ব্যতিক্রম এক মহতি উদ্যোগ গ্রহন করেছেন উত্তরের জেলা নওগাঁর এক সমাজসেবক মো. মাসুদ পারভেজ (মাসুম)। নিজ উদ্যোগেই ও নিজ অর্থায়নে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকার প্রায় ৩৫ জন ভারসাম্যহীনদের পরিচ্ছন্ন করা, খাবার এবং ঈদের নতুন পোষাক পরিধানের কাজ করেছেন তিনি।

মহতি এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা সমাজসেবক মো. মাসুদ পারভেজ (মাসুম) বলেন, আমাদের মত মানসিক ভারসাম্যহীনরাও সমাজের অংশ। সবার মত তাঁদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। ঈদ এলেই আমরা নতুন নতুন পোষাক কেনাকাটা, খাবার দাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু রাস্তার ধারে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন লোকগুলোর খোঁজ রাখিনা কেউ, পাগল বলে তাড়িয়ে দেই।

তাদের কষ্ট দেখে আমি অনুধাবন করেছি, তারাও আমাদের মতই মানুষ, আমাদের পরিবারের অংশ এজন্য সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করছি। তাই মানসিকভাবে ভারসাম্যহীনদের গোসল করানো ও পোষাক প্রদান করতেছি। আগামীতেও এই কাজ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

আয়শা/১৮ মার্চ ২০২৬,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad