
স্পোর্টস ডেস্ক : কয়েক মাস আগে দেশের মাটিতে খেলে অবসর নেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব আল হাসান৷ তবে বিভিন্ন বাস্তবতার কারণে তখন সাকিবের বিষয়ে তখন কোনো উদ্যোগ নিয়ে উঠতে পারছিল না বিসিবি। গত দুই মাস ধরে অবশ্য সাকিবের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা।
সাকিবকে দেশে ফেরানোর ক্ষেত্রে বেশকিছু আইনী জটিলতা রয়েছে। সেসব জটিলতা নিয়েই এখন কাজ করছে বিসিবি। ধারণা করা হচ্ছিল, সর্বশেষ পাকিস্তান সিরিজে ফিরবেন সাকিব। কিন্তু আইনী জটিলতা শেষ না হওয়ায় ওই সিরিজে তাকে পাওয়া যায়নি। ঘরের মাঠে এক মাস পর নিউজিল্যান্ড সিরিজ। ওই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে।
সর্বশেষ পাকিস্তান সিরিজ শেষে সাকিবকে দ্রুত দলে পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাকিবের মতো তারকা দলে থাকলে সবার কাজটা অনেক সহজ হয়ে যায় বলে মনে করেন ওয়ানডে কাপ্তান। জাতীয় দলের আরও কয়েকজন তারকাও ইতোমধ্যে ওয়ানডে দলে সাকিবকে পাওয়ার গুরুত্বের কথা জানিয়েছেন। তবে বারবারই ‘অতি দ্রুত’ সাকিবকে দেশের ফেরানোর আশ্বাস দেয়া হলেও, এখন পর্যন্ত আশার আলো দেখছে না বিষয়টি।
নিউজিল্যান্ড সিরিজে সাকিব থাকবেন কিনা, এবার এই প্রশ্নের মুখোমুখি হলেন বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এ প্রসঙ্গে তিনি বলেন,‘আমি আশা করছি এই সময়ের মধ্যে চলে আসতে পারবে। আমি চাইব সে আসুক, ব্যাপারটা যেন এমন হয় সে ফিরলে দলে ভ্যালু অ্যাড হবে। অবশ্যই দলে সুযোগও পাবে।’
সাকিবকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে বলে আশ্বাস দিয়ে ফাহিম বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে। সেগুলো দ্রুততার সঙ্গেই হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’
এর আগে সাকিবকে দেশে ফেরার নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবি সমন্বিতভাবে সাকিবের আইনী জটিলতার বিষয়টি দেখছে। এসময় খুব দ্রুতই সব প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
আয়শা/১৭ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩






