
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখল প্রোটিয়রা। গুরুত্বপূর্ণ এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন এইডেন মার্করাম।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান করে ক্যারিবীয়রা। জবাবে ৯ উইকেট ও ২৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মারক্রাম বাহিনী। যেখানে অধিনায়ক একাই করেছেন অপরাজিত ৮২ রান। মাত্র ৪৬ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও চারটি ছয়ে সাজানো।
ম্যাচসেরা হয়ে মার্করাম বলেন, ‘আমরা ভালোই বোলিং করেছি। ওয়েস্ট ইন্ডিজের মতো দল সবসময়ই প্রতিপক্ষের কাছ থেকেম্যাচ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উইকেট একটু ধীরগতির ছিল। শুরুতে বল একটু মুভ করছিল, তাই আমরা লেন্থ ফুল রাখার চেষ্টা করেছি। পিচের আঠালোভাব থেকেই অতিরিক্ত বাউন্স এসেছে। ভাগ্যক্রমে টসে আমরা সুবিধাজনক অবস্থায় ছিলাম। বোলারদের অনেক কৃতিত্ব দিতে হবে।’

‘আমরা যখন বোলিং করছিলাম, মনে হয়েছে সময়ের সঙ্গে উইকেট আরও ভালো হয়ে উঠছিল। শেষের দিকে যখন ফুল লেন্থ, ইয়র্কার আর গতি পরিবর্তন করার চেষ্টা করেছি, সেগুলো তেমন কাজ করেনি।’
ব্যাটিং পজিশন নিয়ে মার্করাম বলেন, ‘রিকস (রায়ান রিকেলটন) এসে তিন নম্বর পজিশনটা নিজের করে নিয়েছে। এই টুর্নামেন্টে কোনো ধাপই সহজ নয়। আশা করি আমরা এগিয়ে যেতে পারব।’
‘আহমেদাবাদের কন্ডিশন দারুণ লাগছে। খুব বেশি দূরের কথা ভাবছি না, তবে ছেলেরা এখানকার কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’-যোগ করেন তিনি।
আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:০০






