
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ক্রিকেটে শেষ হতে যাচ্ছে জোনাথন ট্রট অধ্যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার বিপক্ষে ম্যাচটিই হবে তার অধীনে আফগানিস্তানের শেষ ম্যাচ। দায়িত্ব ছাড়ার ঘোষণা আসতেই বিদায়ী কোচকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক রশিদ খান।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রশিদ বলেন, বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এরপর আইপিএল রয়েছে। তবে দলের জন্য সবচেয়ে আবেগের বিষয় হলো ট্রটের বিদায়।
রশিদের ভাষায়, ‘আগামীকাল জোনাথন ট্রটের আমাদের সঙ্গে শেষ ম্যাচ। তার সঙ্গে আমরা অসাধারণ কিছু সফর ও ম্যাচ কাটিয়েছি। আফগান ক্রিকেটকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে তিনি বড় ভূমিকা রেখেছেন।’
তিনি আরও বলেন,’ ট্রট প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন এবং দলকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা সবাই তাকে খুব মিস করব।’
ট্রটের অধীনে আফগানিস্তান শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিক লড়াই করার সক্ষমতা দেখিয়েছে। দলের পারফরম্যান্সে এসেছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও কৌশলগত পরিপক্বতা।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের আরও প্রস্তুত করতে চায় আফগানিস্তান। ২০২৩ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর এবার আরও উন্নতির লক্ষ্য তাদের।
রশিদ বলেন, ‘আমরা ২০২৩ বিশ্বকাপে ভালো খেলেছি। তবে উন্নতির জায়গাগুলো নিয়ে কাজ করছি। প্রতিদিন আরও ভালো করতে চাই।’
অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:২৯






