বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি

Ayesha Siddika | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ - ১২:৩১:৫৭ এএম

স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশ পরবর্তী আসরে সরাসরি খেলার সুযোগ পেতে যাচ্ছে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এই বিশ্বকাপের সুপার এইটে ওঠা আট দল সরাসরি আগামী আসরে খেলা নিশ্চিত করেছে। নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে সুপার এইটে খেলা আট দলের সঙ্গে স্বাগতিক দুই দল এবং র্যাঙ্কিং থেকে আরও দুই দল সরাসরি সুযোগ পাবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ আসরে।

এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে পেয়ে গেছে আগামী আসরের টিকেট। এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও স্বাগতিক হিসেবে সরাসরি আগামী আসরে খেলবে অস্ট্রেলিয়া।

পরের আসরের সহ-আয়োজক নিউ জিল্যান্ডও সুপার এইটে ওঠায়, র‌্যাঙ্কিংয়ে অবস্থানের ভিত্তিতে সুযোগ পাবে তিনটি দল। আর সেই তিন দল হতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এজন্য র‌্যাঙ্কিংয়ের কাট-অফ সময় ধরা হয়েছে আগামী ৯ মার্চ, যেদিন হবে বিশ্বকাপের ফাইনাল।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কাট-অফ সময়ের আগে এই তিন দলের র‍্যাঙ্কিং পরিবর্তন হতে পারে এমন কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ২০ দলের আসরে বাকি আটটি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল এবারের বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে।

 

 

আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:১৫

▎সর্বশেষ

ad