এইচএসসির ফরম পূরণের ফি বাড়ল

Anima Rakhi | আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২৬ - ০৬:২৩:১৫ পিএম

ডেস্ক নিউজ : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের ফি বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত বছর (২০২৫) বিজ্ঞান শাখায় যেখানে ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা, এবার তা বেড়ে হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ২১০ টাকা। একই হারে বেড়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফিও।

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। চলবে ৯ মার্চ পর্যন্ত।  বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত।

বিজ্ঞপ্তির তথ্যমতে, এবার নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য বিভাগভিত্তিক মোট ফি নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত নির্ধারিত ফি তালিকা অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভিন্ন ভিন্ন হারে ফি দিতে হবে।

তালিকা অনুযায়ী, বিজ্ঞান শাখার (৪র্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ২,১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিক ফিসহ) ৮৫৫ টাকা। সব মিলিয়ে মোট ফি নির্ধারণ করা হয়েছে ২,৯৯৫ টাকা। অন্যদিকে, মানবিক শাখার (৮ম বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ১,৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা। এ ক্ষেত্রে মোট ফি দাঁড়িয়েছে ২,৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা শাখার (৪র্থ বিষয়সহ) শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই হারে—বোর্ড ফি ১,৯৪০ টাকা, কেন্দ্র ফি ৪৯৫ টাকা এবং মোট ২,৪৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর ৪র্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা (একশ চল্লিশ) ব্যবহারিক ফি যুক্ত হবে। একইভাবে, ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা পরিশোধ করতে হবে।

অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad