
স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান ইস্যুতে দেশের ক্রীড়াঙ্গনে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার পর বাংলাদেশ একের পর এক প্রতিক্রিয়া দেখায়। এর অংশ হিসেবে বিসিবি সরাসরি আইসিসিকে জানায়, তারা ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না।
এই চিঠির জবাব দিয়েছে আইসিসি। গত রাতে পাঠানো চিঠিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বিসিবির তোলা উদ্বেগগুলো সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।
এর মধ্যে আজ বুধবার বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। এই বৈঠক হবে ক্রীড়া উপদেষ্টার কার্যালয়ে। আলোচনার মূল বিষয় থাকবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। বৈঠকে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের আরও ১৪ জন পরিচালক।
বৈঠক শেষে বিশ্বকাপ নিয়ে বিসিবির অবস্থান আরও পরিষ্কার হতে পারে। ক্রীড়াঙ্গনের এই টানাপোড়েনে এখন সবার নজর আজকের আলোচনার দিকে।
আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:২২






