বিনোদন ডেক্স : পাকিস্তানের আলোচিত তারকা জুটি হানিয়া আমির ও আসিম আজহারকে ঘিরে ফের উচ্ছ্বাসে মেতেছেন ভক্তরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, এই জুটি নাকি গোপনে বাগদান সেরে ফেলেছেন এবং ২০২৬ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে এই আনন্দের মাঝেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক জ্যোতিষীর করা সতর্কতামূলক ভবিষ্যদ্বাণী। সম্প্রতি অভিনেত্রী নাদিয়া খানের উপস্থাপনায় জনপ্রিয় সকালের অনুষ্ঠান ‘রাইজ অ্যান্ড শাইন’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিষী সামিয়া খান।

অনুষ্ঠানে তিনি হানিয়া আমিরের জন্মছক, রাশিফল ও জ্যোতিষ গণনা বিশ্লেষণ করে বলেন, ২০২৬ সাল হানিয়ার বিয়ের জন্য মোটেই শুভ নয়। তার মতে, ওই সময়ে বিয়েতে আবদ্ধ হলে সম্পর্কে ভাঙনের আশঙ্কা রয়েছে, যা ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আপাতত দুজনেরই উচিত নিজেদের ক্যারিয়ারে মনোযোগ দেওয়া। এদিকে আরেক জ্যোতিষী কিরণ চৌধুরী দাবি করেন, অতীতেই তিনি হানিয়া আমিরের বিচ্ছেদের পূর্বাভাস দিয়েছিলেন, যা পরবর্তীতে বাস্তবে রূপ নেয়।
তার মতে, হানিয়া আবারও পুরনো সম্পর্কে ফিরতে পারেন এবং চলতি বছরেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। তবে ভিন্ন সুরে কথা বলেছেন জ্যোতিষী আলী মুহাম্মদ। তার ভাষায়, ‘হানিয়া আমিরের জীবনে প্রেম রয়েছে, কিন্তু নিকট ভবিষ্যতে বিয়ের সম্ভাবনা আমি দেখছি না।’এত জল্পনা ও জ্যোতিষীয় ভবিষ্যদ্বাণীর মধ্যেও এখন পর্যন্ত হানিয়া আমির বা আসিম আজহারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
তাদের টিমও বিষয়টি নিয়ে নীরব। উল্লেখ্য, হানিয়া ও আসিম আজহারের সম্পর্কের শুরু ২০১৮ সালে। ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে আসিম আজহার অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান করেন, যা ২০২৫ সালের জুনে ভেঙে যায়। এই ঘটনার পর থেকেই ফের হানিয়া-আসিমের পুনর্মিলনের গুঞ্জন জোরালো হয় এবং সেখান থেকেই নতুন করে বাগদান ও বিয়ের খবর ঘুরপাক খেতে শুরু করে।
কুইক টিভি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:০০






