বলিউডের ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ

Mohon | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ - ০১:৫৮:৪৭ পিএম

বিনোদন ডেক্স : বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার ঘটনা খুব বেশি নেই। দীর্ঘদিন ধরে সেই জায়গাটি ছিল প্রায় অপ্রবেশযোগ্যই। অনেক আলোচনা, প্রত্যাশা আর অপেক্ষার পর অবশেষে সেই নীরব ভাঙন ঘটল। বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন।

সিরিজের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে।

জ্যাজ সিটির জিমি রয় চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভর ভাষ্য, ‘জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সঙ্গীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সঙ্গীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে জ্যাজ সিটির পুরো আবহ অনুভব করা যাবে।’

জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি। টিজারে দেখা গেছে, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে।

এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এছাড়া উপস্থিত রয়েছেন বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ।সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাবে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায়।

 

 

কুইক টিভি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৫৮

 

▎সর্বশেষ

ad