বিনোদন ডেক্স : বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ‘ধুরন্ধর’। রণবীর সিংহ থেকে অক্ষয় খান্না—প্রধান অভিনেতাদের অভিনয় প্রশংসা কুড়োচ্ছে। জানা যাচ্ছে, আদিত্য ধর পরিচালিত এই ছবির সঙ্গে তারই পূর্ববর্তী হিট ছবি ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর একটি বিশেষ যোগসূত্র রয়েছে। ২০১৯ সালের সেই ছবির পরিচালকও ছিলেন আদিত্য। ‘ধুরন্ধর’ ও ‘উরি’ উভয়ই সত্য ঘটনার ভিত্তিতে নির্মিত। ‘উরি’ ছবিতে ভিকি কৌশালের চরিত্র বিহান সিংহের সঙ্গে দেখা হয় বিমান বাহিনীর কর্মকর্তা সিরাত কৌরের। সিরাতের চরিত্রে ছিলেন কীর্তি কুলহারি। ছবিতে সিরত তার শহিদ স্বামীর কথা বলেন—জাসকিরাত সিংহ রাঙ্গি, যিনি পাঞ্জাবে প্রাণ হারান।

এই জায়গাতেই মিলটি স্পষ্ট। ‘ধুরন্ধর’-এ রণবীর সিংহ যে চরিত্রে অভিনয় করেছেন, তার নামও জাসকিরাত সিংহ রাঙ্গি। পাকিস্তানের অন্ধকার জগতে তিনি হামজা আলি মাজারি নামে পরিচয় বদলে প্রবেশ করেন। নামের এই সাদৃশ্য দেখে অনেকের অনুমান, দুই ছবিতেই হয়তো একই ব্যক্তির গল্প উঠে এসেছে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি ‘ধুরন্ধর’-এর দ্বিতীয়ার্ধে রণবীরের চরিত্রেরও মৃত্যু দেখানো হবে? উল্লেখ্য, ট্রেলার মুক্তির পর থেকেই ছবিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। দর্শকদের একাংশের অভিযোগ ছিল, ছবিতে অতিরিক্ত হিংসা ও রক্তপাত দেখানো হয়েছে। নানা বাধা অতিক্রম করে অবশেষে ৫ ডিসেম্বর মুক্তি পায় ‘ধুরন্ধর’। রণবীর ছাড়াও ছবিতে রয়েছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন ও সারা অর্জুন।
কুইক টি ভি/মহন/৮ ডিসেম্বর ২০২৫/সকাল ১১:০০






