বিনোদন ডেক্স : দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। গতকাল বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক। তিনি বলেন, “বাবুল ভাই জ্যাম্বস ফাইটিং গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। সত্তরের দশকের শেষের দিকে ছবি প্রযোজনা শুরু করেছিলেন। প্রায় ৩০টি ছবি প্রযোজনা করেছেন। তার প্রযোজনায় নির্মিত হয় ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরজ’, ‘কাবিন’সহ বেশ কয়েকটি সুপারহিট ছবি।

সর্বশেষ তিনি ‘আমি সেই মেয়ে’ (১৯৯৮) প্রযোজনা করেছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।”জানা গেছে, দীর্ঘদিন মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবারও অসুস্থ হয়ে পড়ায় কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের জামে মসজিদে বাবুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। ১৯৭৮ সালে অভিনেত্রী নূতনকে বিয়ে করেন প্রযোজক বাবুল। তার প্রকৃত নাম ফারহানা আমিন রত্না। লাবিবা আমিন (বড় মেয়ে) ও ফারহানা আমিন রীতু (ছোট মেয়ে) নামে দুই কন্যাসন্তান রয়েছে।
কুইক টি ভি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/বিকাল ৩:৫৫






