
স্পোর্টস ডেস্ক : রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্কোয়াড থেকে শামীমকে বাদ দেওয়া নিয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
সংবাদ সম্মেলনে লিটন অভিযোগ করেছিলেন, তাকে না জানিয়েই দল থেকে বাদ দেওয়া হয়েছে শামীমকে। প্রথম টি-টোয়েন্টি আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘শামীম পাটোয়ারি কেন বাদ পড়েছে আমি জানি না। ও আমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন আমি যে ওকে সরি বলবো সে সুযোগটাও তো নেই।’
লিটনের অভিযোগের জবাবে প্রধান নির্বাচক লিপু সময় সংবাদকে জানান, অধিনায়কের কাছে তার জবাবদিহিতার প্রয়োজন তিনি মনে করেননি এবং টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্টের কাছে তিনি ব্যাখ্যা দিয়েছেন– কোন ধরনের স্কোয়াড নিয়ে আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তিনি আরও জানান, ক্রিকেট অপারেশন্স যেহেতু শামীমমের বাদ পড়ার কোনো ব্যাখা জানতে চায়নি, তিনি তাই অধিনায়ককে ব্যাখ্যা দিতে বাধ্য নন।
এর মধ্যে ২৭ ও ২৯ নভেম্বর দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। প্রথমটিতে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতায় ফিরেছে। চট্টগ্রামে শেষ ম্যাচে আগামী ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজরা। অলিখিত এ ফাইনালের আগে শামীমকে যুক্ত করা হয়েছে স্কোয়াডে। তবে কাউকে বাদ দেওয়া হয়নি। তাতে দলের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৬-তে। ধারণা করা হচ্ছে, জাকের আলী ও নুরুল হাসান সোহানদের ব্যর্থতায় শেষ ম্যাচে যুক্ত হয়েছেন তিনি। সুযোগ পেতে পারেন একাদশেও।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন পাটোয়ারি।
খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:১২






