
নিউজ ডেক্সঃ বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় আওয়ামীপন্থি ১২ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- মাহবুবুল বারি আসলাম, মজিবুর রহমান, এম মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন ও আব্দুর রহমান জুয়েল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার পর আওয়ামীপন্থি আইনজীবীরা লোহার রড, জিআই পাইপসহ অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলসহকারে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসবাবপত্র, ইলেকট্রনিকস ও অন্যান্য মালামাল ধ্বংস করে দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল আমিন বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় এজাহারনামীয় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০২ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৫.৫০






