
স্পোর্টস ডেস্ক : বিতর্ক যেন পিছুই ছাড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিকে। বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় লোগোর নিচে ‘পাকিস্তান’ লেখা ছিল না, এ নিয়ে সমালোচনা কাটতে না কাটতেই সামনে নতুন বিতর্ক। এবার লাহোরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচের শুরুতে বেজে উঠলো ভারতীয় জাতীয় সংগীত। কয়েক সেকেন্ডের জন্য লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ‘জনগণমন’ বাজানো হয়। ভুল বুঝতে পেরে তড়িঘড়ি তা বন্ধ করে দেওয়া হয়। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তুমুল রোষের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক নেটিজেন লিখেছেন, ‘ভারতের কথা ভুলতেই পারছে না।’ একইসুরে কটাক্ষ করে অন্য এক নেটিজেন বলেন, ‘পাকিস্তানে হাস্যকর ভুল। আয়োজকরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর পরিবর্তে ভারতীয় জাতীয় সংগীত বাজিয়ে দেয়। মনে হচ্ছে যে ভারতকে খুব মিস করছে পাকিস্তান।’
কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০০






