
ডেস্ক নিউজ : শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আসামিরা হলেন— মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) এবং মেহেদী হাসান সাইফ (২৪)।
তিন দিনের রিমান্ড শেষে এদিন তাদের আদালতে হাজির করা হয়।সকালে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. দ্বীন ইসলাম। আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৯ ফেব্রুয়ারি তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ১৯ ফেব্রুয়ারি এ মামলায় ১৮ ফেব্রুয়ারি মোবারক হোসেন ও রবি রায়কে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি রাতে কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এসময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করে এবং তাদেরকে প্রকাশ্যে কোপায়। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আকতার ইপ্তি বাদী হয়ে পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৮






