
ডেস্ক নিউজ : এতদিন টিসিবির কার্ড নিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন বলেছেন, নিম্নআয়ের মানুষের জন্য সরকার টিসিবির মাধ্যমে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। যাতে প্রকৃত যোগ্য মানুষেরাই এ সহায়তা পান। ইনসাফ প্রতিষ্ঠায় কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্টদের।
নানা সীমাবদ্ধতার কারণে দরিদ্র সবাইকে টিসিবি কার্ড দেওয়া সম্ভব নয় উল্লেখ করে সেখ বশিরউদ্দীন বলেন, প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উপযুক্ত উপকারভোগী নির্বাচন করে টিসিবি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন। সর্বোপরি, সুবিধাভোগীদের নির্বাচনে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে হবে। প্রকৃতপক্ষে যারা টিসিবি কার্ড পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়ার ব্যবস্থা করা হবে।
আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, রমজান সংশ্লিষ্ট সব পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় বাজার স্থিতিশীল ও নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে। রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম প্রমুখ।
কিউটিভি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২২






