ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বোলাররা ভারতকে বিপদে ফেললেন

Ayesha Siddika | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ - ০৬:৫৫:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে দলীয় ১৪৮ রানে ব্যক্তিগত ৭০ রান করে বিদায় নেন কয়েক বার জীবন পাওয়া শেষ স্বীকৃতি ব্যাটার মার্নাস লাবুশেন। তখন অজিদের লিড আড়াইশ ছাড়িয়ে ২৫৩। লাবুশেনকে দারুণ সঙ্গই দেন প্যাট কামিন্স। রানআউট হয়ে মিচেল স্টার্ক দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। ভারতের ফের ব্যাটিংয়ে নামার জন্য দরকার আর ৩ উইকেট।

লিড দাঁড়িয়েছে ৩৩৩-এ। স্বাগতিকরা যদি পঞ্চম দিন আর ব্যাটিংয়ে নাও নামে, তাও লক্ষ্য তাড়া করতে নেমে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে রোহিত শর্মা বাহিনী। মেলবোর্নে সর্বোচ্চ ৩৩২ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে, অজিদের বিরুদ্ধে ইংল্যান্ডের করা সেই রেকর্ডটিও প্রায় একশ বছর আগে—১৯২৮ সালে। আগের ইনিংসে বুমরাহকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিলেন অভিষিক্ত স্যাম কনস্টাস। প্রথম ব্যাটার হিসেবে টেস্টের এক ইনিংসে বুমরাহকে দুটি ছক্কা হজম করিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে কনস্টাস আর চড়াও হতে পারেননি। ৮ রানেই তাকে সাজঘরে পাঠান টেস্টের নম্বর ওয়ান বোলার।
আগের ইনিংসে একটি উইকেটও পাননি মোহাম্মদ সিরাজ। আজ উসমান খাজাকে দিয়ে শুরু করেন, এরপর নেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান স্টিভ স্মিথের উইকেট। খাজা ২১ ও স্মিথ ১৩ রান করেন। আগের দুই ম্যাচের সেঞ্চুরিয়ান ট্রাভিস হেডের আজ জন্মদিন। টিম ইন্ডিয়ার মাথাব্যথা হিসেবে পরিচিত হেড ৩১তম জন্ম বার্ষিকীতে টিকলেন মাত্র ২ বল। ১ রানে তাকে নীতিশ রেড্ডির ক্যাচ বানিয়েই টেস্টে ২০০ উইকেট পূর্ণ করেন ২০১৮ সালে অভিষেক হওয়া বুমরাহ।

বিশের কম গড়ে (১৯.৫২) এই মাইলফলকে পা রাখা প্রথম ক্রিকেটার তিনি। তার ২০০ উইকেটের মধ্যে ৭০ শতাংশের বেশি উইকেট সেনা কান্ট্রিগুলোতে (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা)। আগের ইনিংসে ৪ উইকেট শিকার করা বুমরাহ এরপর নিয়েছেন মিচেল মার্শ ও আলেক্স ক্যারির উইকেট। ফলে ৪৪ টেস্টে তার উইকেট হলো ২০২টি। লাবুশেন লড়াইয়ের পর বোলারদের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া।

 

 

কিউটিভি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৩

▎সর্বশেষ

ad