
ডেস্ক নিউজ : শুক্রবার সকালে গতকালের আগুন লাগার মূহুর্ত নিয়ে কয়েকজন এলাকাবাসী কথা বলেন সময় সংবাদের সাথে। তাদের কথায় উঠে এসেছে মূলত ২৯ ফেব্রুয়ারি উপলক্ষ্যে কাচ্চি ভাইয়ের অফার এবং বৃহস্পতিবার হওয়ায় অন্য দিনের তুলনায় ভিড় বেশি ছিল।
৫০ ঊর্ধ এক এলাকাবাসী বলেন, ‘আমরা জানি ২৯ ফেব্রুয়ারির কারণে ২০ শতাংশ ডিসকাউন্ট ছিল। আমাদের অফিসের কোন প্রোগ্রাম থাকলে আমরা এখান থেকে বিরিয়ানি নেই। আমার দু’জন বন্ধু আসছে, একজন চট্টগ্রাম অন্যজন ফেনী থেকে। ওদের বললাম চল, কাচ্চি ভাই থেকে বিরিয়ানি খেয়ে আসি।’
এদিকে, শুক্রবার (১ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিং এ স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন জানান, রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এ ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন তিনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫৬ মিনিটে। পরে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, আনসার, র্যাব ও এনএসআই। ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটিতে পিৎজা ইন, স্ট্রিট ওভেন, খানাসসহ আরও রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও রয়েছে।
কিউটিভি/আয়শা/০১ মার্চ ২০২৪,/দুপুর ১২:৫৪






