
ডেস্ক নিউজ : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেছেন, ‘বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনে সরকার তার নিজেদের এজেন্ট দিয়ে সহিংসতা করিয়েছে। আন্দোলন দমনের অজুহাত তৈরি করতে সরকার এটা করেছে।’রবিবার (২৯ অক্টোবর) বিএনপির হরতালের সমর্থনে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
জোনায়েদ সাকি বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নানা ধরনের এজেন্ট দিয়ে উসকানিমূলক কাজ করিয়ে গত শনিবারের শান্তিপূর্ণ সমাবেশকে একটা সহিংসতার চেহারা দিয়েছে। আন্দোলন দমনের অজুহাত তৈরি করতে সরকার এটা করেছে। আসলে তারা নেতৃবৃন্দকে গ্রেপ্তারের অজুহাত তৈরি করতে চায়। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতৃবৃন্দকে সরকার গ্রেপ্তার করেছে। আমাদের নেতাকর্মীদের বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হচ্ছে, হত্যা করা হয়েছে, হামলা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে আহ্বান জানাই, এই লড়াই ভোটাধিকারের, গণতন্ত্রের, দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ে সব ষড়যন্ত্র, হামলা, দমনপীড়ন মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না।’
এদিকে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বিরোধী দলসমূহের ন্যায্য ও যৌক্তিক আন্দোলন দমনের অজুহাত সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে গতকাল বহুমুখী সন্ত্রাস ও উসকানির ঘটনা ঘটানো হয়েছে, অনাকাঙ্খিত ঘটনা সংগঠিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘সরকার ও সরকারি দলকেই এর দায়িত্ব বহন করতে হবে। সরকারি দলের নেতারা বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ কর্মসূচি কেন্দ্র করে তাদের দলের নেতা কর্মীদেরকে যেভাবে সংঘাতের উসকানি দিয়েছে গত শনিবার তাও ধরা পড়ে। তাদের কথিত শান্তি সমাবেশে তাদের আনন্দ উচ্ছ্বাস থেকেও তা বোঝা গেছে।’
কিউটিভি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:১৮






