
খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শরীয়তপুরের দুইটি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যারয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয় ও শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকরা হল আমাদের গুরুজন। তারা আমাদের মঙ্গলের জন্য পরীক্ষার হল নকল মুক্ত রাখেন। চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবলি সরকারি উচ্চ বিদ্যলয়ের একজন শিক্ষক নির্বাচনী পরীক্ষার হলে এক ছাত্রের অনিয়মের প্রতিবাদ করেছেন। সেই ছাত্র পরীক্ষার হলেই শিক্ষককে চর-থাপ্পর মেরে লাঞ্ছিত করেছে। আমরা সেই বেয়াদব ছাত্রের দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি। মানববন্ধনে পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম, শরীয়তপুর সরকারি সালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর রোববার বেলা ১১টায় এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছিল ভিজে স্কুলের ১১২ নম্বর কক্ষে। ওই কক্ষে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। সেই সময় পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে পরীক্ষার্থী (দশম শ্রেণির ছাত্র) সাইফুল আমিন শীর্ষের খাতা কেড়ে নেন শিক্ষক। এতে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে শিক্ষক হাফিজুরকে চড়-থাপ্পড় মারেন ছাত্র শীর্ষ। অস্বাভাবিক হয়ে ওঠে পরীক্ষার হল। শিক্ষক মারধরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সমাজিক মাধ্যমে। এ ঘটনার প্রকৃত কারণ জানতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩০






