
স্পোর্টস ডেস্ক : ২০২১ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের স্বাদ পাওয়া অস্ট্রেলিয়া, বিশ্বকাপের এবারের আসরেও ফেভারিটের তালিকায় ছিল। কিন্তু গ্রুপপর্বে তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ে এবং সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে হেরে সুপার এইটের আগেই বিদায় নেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার মতো সাবেক চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সুপার এইটে উঠে যায় শ্রীলংকা ও জিম্বাবুয়ে। আসরের শুরুটা আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৭ রানের বড় ব্যবধানে হলেও বিরাট ধাক্কা খায় মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে হারে ২৩ রানে। এরপর স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে হারে ৮ উইকেটে।
অস্ট্রেলিয়া গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেলেও শেষটা রাঙালেও হতাশা কাটেনি অজি খেলোয়াড়দের। শেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্যাডাম জাম্পা। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে সময়টা যে কঠিন ছিল স্বীকার করে তিনি।
জাম্পা বলেন, ‘টুর্নামেন্ট নিয়ে কয়েকটা দিন খুবই কঠিন ছিল। ড্রেসিং রুমে আওয়াজ খুবই কম ছিল। বিশ্বকাপ এত দ্রুত শেষ হয়ে যাওয়ায় মন খারাপ। আমরা এমন ক্রিকেট স্টাইল তৈরি করার চেষ্টা করেছিলাম যা আমাদের জন্য কার্যকর হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, সেটা আমাদের কাজে আসেনি।’
তিনি আরও বলেন, ‘পেছনে ফিরে দেখলে শ্রীলংকার ম্যাচে আরও কিছু করা যেত। সেই ম্যাচে অবদান প্রত্যাশা অনুযায়ী ছিল না। আমার কাজ হলো ম্যাচের মাঝারি সময়ে উইকেট নেওয়া। কিছু ম্যাচে তা করতে পেরেছি, কিন্তু অন্য কিছু ম্যাচে পারিনি। দুঃখজনকভাবে, গুরুত্বপূর্ণ সময়ে আমরা সেটি করতে সক্ষম হইনি। যে কোনো সময় উইকেট থাকা ভালো, না থাকা নয়। সত্যিই খুব হতাশ। এমন পরিস্থিতিতে আমি এখনও আগামীকাল দেশে ফিরতে প্রস্তুত নই।’
খোরশেদ/২১ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০






