ডেস্ক নিউজ : মঙ্গলবার (৯ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। মাহবুব খান বলেন, টিসিবির জন্য ২১৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার সয়াবিন তেল ও চিনি কিনবে সরকার।
এর মধ্যে ১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকার সয়াবিন তেল ও ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার চিনি কেনা হবে। প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৯৪ পয়সা এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪৬ টাকা ১০ পয়সা।এছাড়া সিঙ্গাপুরের একটি কোম্পানি থেকে চিনি ও ভারতের একটি প্রতিষ্ঠান থেকে সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান সচিব।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সিঙ্গাপুরের স্মার্ট মেট্রিক্স প্রাইভেট লিমিটেড (স্থানীয় এজেন্ট মার্ক লাইন এন্টারপ্রাইজ) থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন মিলেছে। আর আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ভারতের গোভেন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড (এইচ এইচ এন্টারপ্রাইজ) থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে।
সাঈদ মাহবুব খান আরও জানান, মঙ্গলবার (৯ মে) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১০তম ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৮টি প্রস্তাব উপস্থাপন করা হয়।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৫টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি এবং সশস্ত্র বাহিনী বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। অনুমোদিত ৮টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৩ হাজার ২০৯ কোটি ৫০ লক্ষ ৮৭ হাজার ৩০৪ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ৩ হাজার ১০০ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ৪৭৭ টাকা ও এডিবি অর্থায়ন ১০৯ কোটি ১ লক্ষ ২৮ হাজার ৮২৭ টাকা।
কিউটিভি/আয়শা/০৯ মে ২০২৩,/বিকাল ৫:০৫






