
ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শাসনামলের দুর্ভিক্ষের দুঃস্বপ্ন জাতিকে দেখানোর অপচেষ্টা করছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ খাদ্যের অভাবে দেশের কোথাও কোনো প্রাণহানি ঘটেছে? ঘটেনি। দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে এমন কোনো সুনির্দিষ্ট তালিকা বা নাম কি মির্জা ফখরুল ইসলামের কাছে আছে? নেই। মির্জা ফখরুল চিরায়ত ভঙ্গিতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বয়ানের মাধ্যমে দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টির উসকানি দিচ্ছে।
রোববার (২৩ এপ্রিল) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে ‘বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যখন ঈদের অনাবিল আনন্দ ঠিক সেই সময়ে বিএনপি মহাসচিবের নির্লজ্জ মিথ্যাচার ও উসকানিমূলক বক্তব্যের’ নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ সরকার কখনোই মিথ্যা তথ্য দেয়নি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্বব্যাংক, এডিবি, ইউএনডিপিসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে- যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুলরা এসব তথ্য আমলে না নিয়ে প্রতিদিন মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট বক্তব্য দিয়েই যাচ্ছে।
দেশে নয়, দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের রাজনীতিতে গণবিচ্ছিন্নতার দুর্ভিক্ষ রয়েছে বলেই তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে অক্ষম। বিএনপির রাজনীতি বদ্ধ জলাশয়ের মতো, তারা নিজেদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিএনপি রাজনীতির নতুন কোনো ধারা সৃষ্টি করতে পারেনি।
তিনি বলেন, বিএনপির শাসনামলে বাংলাদেশ বিশ্বসভায় ক্ষুধা-দারিদ্র্য-দুর্ভিক্ষ পীড়িত দেশ হিসেবে পরিচিত ছিল। তাদের সময়ে দেশের উত্তরাঞ্চলে মঙ্গা লেগেই থাকতো। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উত্তরাঞ্চলের মঙ্গা আজ নির্বাসিত। দেশে অতি দ্রারিদ্র্যের হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বিএনপির আমলে দারিদ্র্য, দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ আজ শেখ হাসিনার হাত ধরে বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের অর্থনীতি আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে বলেই আমাদের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভুতপূর্ব সাফল্য পেয়েছি। শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বের কারণে ও সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবেই ইনশাল্লাহ।
কিউটিভি/আয়শা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫৮






