
স্পোর্টস ডেস্ক : বাবার দেখানো পথে হাঁটছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। এবার তার অভিষেক হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০২৩ আইপিএলে দেখা যেতে পারে টেন্ডুলকার জুনিয়রকে। আজ ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে দিয়েই অভিষেক হচ্ছে অর্জুনের।
এই ম্যাচটি শুরু হচ্ছে বিকেল ৪ টায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স নামছে ব্যাটিংয়ে। ২০২১ সালে ২০ লাখ রুপিতে অর্জুন টেন্ডুলকারকে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু সেই বছর ইনজুরির কারণে দলের সঙ্গে থাকা হয়নি তার। এরপর ২০২২ সালে দলে জায়গা হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামা হয়নি অর্জুনের। চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের মূল একাদশ থেকে ছিটকে গেছেন জাসপ্রীত বুমরাহ।
আইপিএলের শুরু হওয়ার আগে ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ মার্ক বাউচার জানিয়েছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে একাদশে বিবেচনা করা হতে পারে অর্জুনকে। বাউচার বলেন, ‘অর্জুন মাত্র ইনজুরি থেকে ফিরেছে। সে এখন ক্যাম্পে অনুশীলন করছে। সে ফিট আছে আশা করি আমরা তাকে শিগগিরই দেখতে পাব। সে গেল ৬ মাসে খুব ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে বোলিংয়ে। তাই আমরা তাকে বিশেষ বিবেচনায় রেখেছি। আশা করি ভালো কিছু হবে।’
গেলো বছরে রঞ্জি ট্রফিতে রাজস্থানের বিপক্ষে গোয়ার হয়ে অভিষেক হয় অর্জুনের। আর অভিষেকেই বাবা শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসান টেন্ডুলকার জুনিয়র। সেই ম্যাচে ৭ নম্বারে নেমেই সেঞ্চুরি তুলে নেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৮






