‘এই সেঞ্চুরি আমার জন্য স্পেশাল’

Ayesha Siddika | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ - ০৪:৪৬:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করেছেন বাবর আজম। এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি করেছেন বাবর। দুটি করে সেঞ্চুরি আছে ভারতের রোহিত শর্মা আর সুইজারল্যান্ডের ফাহিম নাজিরের। তবে টি-টোয়েন্টিতে রেকর্ড ৪টি সেঞ্চুরির মালিক রোহিত শর্মা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশিত রান পাননি বাবর। তবে তার দল জিতেছে। শনিবার দ্বিতীয় ম্যাচে বাবরের সেঞ্চুরি আর রিজওয়ানের ফিফটিতে ভর করে ১৯২ রান করে ৩৮ রানে জয় পায় পাকিস্তান।এদিন খেলা শেষে বাবর বলেন, অবশ্যই এই ম্যাচে পারফর্ম করতে পেরে আমি খুবই খুশি। চেয়েছিলাম রান করতে। উইকেটে শুরুর দিকে পেসারদের জন্য সহায়তা ছিল। বেশ কিছুটা সিম মুভমেন্ট ছিল। এজন্য আমি ও রিজওয়ান জুটি গড়ায় মন দিয়েছি। আমি চেষ্টা করেছি শেষ পর্যন্ত উইকেটে থাকতে এবং শেষের ওভারগুলো কাজে লাগিয়ে দ্রুত রান তুলতে যেন দল ভালো একটি স্কোর পায়।

বাবর আরও বলেন, শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লাগছে। আশা করি পরের ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে পারব। ব্যক্তিগত দিক থেকে বলতে পারেন,এই সেঞ্চুরি আমার জন্য স্পেশাল। অধিনায়ক হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়া প্রসঙ্গে বাবর বলেন, ব্যক্তিগত মাইফলক নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি স্রেফ এভাবে পারফর্ম করতে চাই যেন তা দলের জয়ে সহায়তা করে। দল সবকিছুর আগে,এরপর ব্যক্তিগত মাইফলক।

 

 

কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad