
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় সেনারা দোনেৎস্কের ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালে গোলাবর্ষণ করলে একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হন বলে জানিয়েছে দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর)।
রোববার ভোরে এ হামলা চালায় বলে নিশ্চিত করেছে ডিপিআর। খবর তাস নিউজের।
ডিপিআরের এক মুখপাত্র জানিয়েছেন, আমাদের কাছে একজন নিহত এবং দুজন আহত হওয়ার তথ্য আছে। এ ছাড়া আক্রমণের সময় ক্যাথেড্রাল গির্জার ভেতরে এবং বাইরে কয়েক ডজন লোক ছিলেন।
ডিপিআর অনুসারে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাত সাড়ে ৩টার দিকে দোনেৎস্কের দিকে একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে মোট ২০টি রকেট নিক্ষেপ করেছিল।
প্রশাসনিক মুখপাত্র তাস নিউজকে জানিয়েছে, হামলার ফলে কাছাকাছি একটি কিন্ডারগার্টেনে আগুন লাগে এবং অন্য একটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু প্রজেক্টাইল ক্যাথেড্রালের কাছে পড়েছিল।
এদিকে একটি আইন প্রয়োগকারী সূত্র তাসকে জানিয়েছে, আক্রমণের আগে একটি ড্রোন শহরের ওপরে ঘোরাফেরা করতে দেখা যায়।
সূত্র আরও বলছে, রোববার রাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী শহরের বেশ কয়েকটি জেলায় সক্রিয় বায়বীয় জরিপ চালিয়েছিল। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সারা রাতজুড়ে লক্ষ্যবস্তুতে নিযুক্ত ছিল।
গির্জায় হামলার পর, কিয়েভ সেনারা দোনেৎস্কে গোলাগুলি চালায়। তিনটি ন্যাটো-মানের ১৫৫ মিমি আর্টিলারি শেল শহরের কিয়েভস্কি জেলায় মস্কোর সময় ভোর সাড়ে ৪টার দিকে আঘাত হানে।
কিউটিভি/অনিমা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১৯






