
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে।
তবে আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রফতানি বিল বিক্রয় ও শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে।
এছাড়া পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯ ও ২০ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ২১ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
এই সময়ে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ঈদের পর তফসিলি ব্যাংকের অফিস সময় রোজার আগের নিয়মে চলবে। অফিস চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
কিউটিভি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০০






