
আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঢল লেগেই আছে ভূমধ্যসাগরে। কয়েকদিন না যেতেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় আবারও নৌকা ডুবে প্রাণ গেল অভিবাসনপ্রত্যাশীদের। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। মঙ্গলবার (১১ এপ্রিল) তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ১০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২০ থেকে ৩০ জন নিখোঁজ রয়েছে।
এছাড়া ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই আফ্রিকার নাগরিক বলে তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের বরাতে বুধবার (১২ এপ্রিল) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের সবাই আফ্রিকার নাগরিক বলেও জানিয়েছে কোস্টগার্ড।
চলতি বছর উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের মৃতের সংখ্যাও। গেল মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫২ জন মারা যায়। সে ঘটনায় নিখোঁজ হন আরও অন্তত ৭০ জন।
কিউটিভি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩০






